কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিমি যানজট

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৫, ০২:৪১

২০ দলের ডাকা লাগাতার অবরোধ ও থেমে থেমে হরতালের মাঝে গতকাল শুক্রবার ছুটির দিনে ভোর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল বৃদ্ধি পায়। গতকাল এই মহাসড়কে কুমিল্লার চান্দিনার মাধাইয়া এলাকায় সড়ক সংস্কারের কারণে ও কোটবাড়ী সড়কের মাথায় মালবোঝাই একটি ট্রাক বিকল হয়ে পড়লে মাধাইয়া থেকে মাটিয়ারা পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বিশেষ করে মাটিয়ারা, পদুয়ারবাজার, বেলতলী, ঝাগুরঝুলি, আলেখারচর, কালাকচুয়া, নিমসার, চান্দিনা, নূরীতলা, মাধাইয়া এলাকায় যানজটের তীব্রতা ছিল অনেক বেশি। মহাসড়কের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ মোটর সাইকেল ও পিকআপ ভ্যানে করে পুলিশকে যানজট নিরসনে ব্যস্ত সময় কাটাতে দেখা যায়।