বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, এখনো সময় আছে- আপনি সঠিক পথে আসেন। দেশব্যাপী যে জ্বালাও-পোড়াও শুরু করেছেন- তা বন্ধ করুন। সকালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে জাতীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। খবর: বাসসের।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, সংবিধান অনুযায়ী ২০১৯ সালে নির্বাচন হবে। সেই নির্বাচনে বেগম জিয়া অংশ নিতে পারবেন। জনগণ চাইলে তখন ক্ষমতায় যেতে পারবেন। কিন্তুমানুষ হত্যা করে ক্ষমতায় যাওয়া যাবে না।
এ সময় খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, বিএনপি জঙ্গিবাদ এবং সন্ত্রাসের মাধ্যমে একুশের চেতনাকে ধ্বংস করছে। নতুন প্রজন্মকে ঐক্যবদ্ধ করে বিএনপির অপরাজনীতিকে নস্যাৎ করতে হবে। সন্ত্রাসীদের বিরুদ্ধে সবাইকে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
