যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের সফররত স্পিকার ব্যারোনেস ডি’ সৌজা বাংলাদেশের আরো উন্নয়ন ও সমৃদ্ধির জন্য গণতন্ত্র ও শান্তি অব্যাহত থাকবে বলে তার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন।
তিনি বলেন, ‘আমি আশা করি, বাংলাদেশের আরো উন্নয়ন ও সমৃদ্ধির জন্য গণতন্ত্র ও শান্তি অব্যাহত থাকবে। আমি আরো আশা করি, বাংলাদেশ তার লক্ষ্য অনুযায়ী ২০২১ সালের মধ্যে একটি মধ্যম আয়ের দেশে পরিণত হবে।’
তিনি শনিবার সকালে এখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে তার সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করতে এসে এ আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী সাংবাদিকদের ব্রিফ করেন।
তিনি বলেন, দুই নেতা অন্যান্য বিষয়ের পাশাপাশি গণতন্ত্র ও গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে আলোচনা করেন।
কমনওয়েলথ পার্লামেন্টারি ইউনিয়ন (সিপিইউ) ও ইন্টার পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনে (আইপিএ) বাংলাদেশ নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান ডি’ সৌজা।
তিনি বলেন, আমি আশা করি বাংলাদেশ সিপিইউ ও আইপিএ-তে বড় ধরনের ভূমিকা রাখবে এবং এর নেতৃত্বে বিশ্বজুড়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আরো শক্তিশালী হবে।
এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তিনি সব সময় সারা বিশ্বে গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি সমর্থন দানকারী প্রতিষ্ঠান কমনওয়েলথের প্রশংসা করেন।
প্রধানমন্ত্রী হাউস অব লর্ডসের স্পিকারকে গত ৬ বছরে বাংলাদেশে সম্পন্ন হওয়া অভূতপূর্ব উন্নয়ন সম্পর্কে অবহিত করেন।
তিনি বলেন, বাংলাদেশ বর্ধিত জিডিপি প্রবৃদ্ধি, কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসেবা উন্নয়ন এবং মূল্যস্ফীতি ও দারিদ্রের হার হ্রাসসহ বিভিন্ন ক্ষেত্রে বিস্ময়কর সাফল্য অর্জন করেছে।
