বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির শনিবার গণভবনে বৈঠক হয়েছে। বৈঠক শেষে মধ্যাহ্ন ভোজকালে মমতা ব্যানার্জি বলেন, ‘পশ্চিমবঙ্গে ইলিশ খুব কম পাচ্ছি।’ জবাবে শেখ হাসিনা বলেছেন, ‘তিস্তায় পানি এলে পশ্চিমবঙ্গে ইলিশও যাবে।’
বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বৈঠকে ইলিশ রপ্তানির বিষয়ে আলোচনা হয়েছে কি না—জানতে চাইলে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী সাংবাদিকদের সহাস্যে এ কথা বলেন।
গণভবন সূত্রে জানা গেছে—শেখ হাসিনা ও মমতা ব্যানার্জির মধ্যাহ্ন ভোজের আয়োজনে ছিল ইলিশের প্রাধান্য। অন্যান্য খাবারের সঙ্গে ছিল—ভাপা ইলিশ, ভাজা ইলিশ, শর্ষে ইলিশ ছাড়াও ইলিশের ভাজা ডিম।
উল্লেখ্য, বাংলাদেশ সরকারের আমন্ত্রণে ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে গত বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঢাকায় আসেন।