আত্মত্যাগের মন্ত্রে বলীয়ান হয়ে ঝাঁপিয়ে পড়তে হবে: খালেদা জিয়া

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৫, ১৯:১৯
 বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বলেছেন,চারিদিকে একই ধ্বনি হবে- বাকশালী গণতন্ত্র আর নয়। ভোটের অধিকার চাই, বাক স্বাধীনতা চাই, বেঁচে থাকার গ্যারান্টি চাই। বর্তমান শ্বাসরুদ্ধকর’ পরিস্থিতি থেকে উত্তরণের একটিই উপায়, আবারো ৫২’র ভাষা আন্দোলনের সেই চেতনাকে বুকে ধারণ করে আত্মত্যাগের মন্ত্রে ঝাঁপিয়ে পড়তে হবে লড়াইয়ে।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বেগম খালেদা জিয়া এক বাণীতে এই কথা বলেন।
 খালেদা জিয়া বলেন,আমাদের ভাষা ও সংস্কৃতি এখনো বিজাতীয় আগ্রাসন থেকে মুক্ত হয়নি। নিজস্ব ভাষা ও দেশজ সংস্কৃতির উত্কর্ষ সাধন এবং সংস্কৃতির আগ্রাসন প্রতিরোধ করাও তাই এবারের ভাষা দিবসের অন্যতম অঙ্গিকার।
তিনি বলেন, আমাদের ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি লাভ করায় এই দিবসটিতে বিশ্বের বিভিন্ন জাতিগোষ্ঠী তাদের নিজস্ব মাতৃভাষার চর্চা ও বিকাশ ঘটাতে অদম্য প্রেরণা লাভ করবে। মহান ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের আয়োজিত নানাবিধ কর্মসূচির সাফল্য কামনা করছি। আমি ৫২’র ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি। পাশাপাশি ভাষা সৈনিকদের জানাই শ্রদ্ধা ও অভিনন্দন। তাদের সুখ, শান্তি ও দীর্ঘায়ু কামনা করি।”