ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র পদে উপ-নির্বাচনে ভোট দিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুল ইসলাম। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উত্তরার আজমপুরে নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে স্ত্রী ও মেয়েকে নিয়ে ভোট দিতে হাজির হন তিনি। ভোট প্রদান শেষে তিনি বলেছেন, নির্বাচন সবাই অংশ নিলে তা আরও অংশগ্রহণমূলক হতো। আরেকটি পক্ষ যারা আছে (বিএনপি) তারা আসলে অবশ্যই ভালো হতো।
এ সময় তার সঙ্গে আরও ছিলেন জানিপপ সভাপতি ড. নাজমুল আহসান কলিমুল্লাহ।
সবাইকে কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দেয়ার আহ্বান জানিয়ে আতিকুল ইসলাম বলেন, ভোট গণতান্ত্রিক অধিকার, আজকে ছুটির দিন, আনন্দের দিন। সবাই ভোট দিতে আসবেন। প্রধানমন্ত্রী আমাকে নৌকা মার্কা দিয়েছেন। উন্নয়নের জোয়ারে আমরা আছি। আপনারা সবাই এসে ভোট দিলে একটি সুন্দর, গতিময়, উন্নত ঢাকা গড়তে পারব।
নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট অংশ নিচ্ছে না। তাই একপেশে নির্বাচনই হচ্ছে। প্রতিদ্বন্দ্বীতামূলক নির্বাচন আশা করেছিলেন কি না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আতিকুল ইসলাম বলেন, অংশগ্রহণমূল নির্বাচন হলে এটা আরও প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ হতো। যদি অন্য আরেকটি পক্ষ (বিএনপি) ভোটে আসতো তবে অবশ্যই ভালো হতো। তবে আমাদের এটুকু বিশ্বাস ভোটে নৌকার বিজয় হবে।
যেসব জায়গায় কাউন্সিলর নির্বাচন হচ্ছে সেখানে ভোটগ্রহণ তুলনামূলক বেশি হবে বলেও জানান আতিকুল। তিনি বলেন, যেখানে কাউন্সিলর নির্বাচন যেখানে আছে, সেখানে ভোট একটু ভোট বেশি পড়বে। অন্যদিকে স্বাভাবিকভাবেই ভোট একটু বেশি পড়বে। তবে আমি আবারও আহ্বান জানাই সবাই এসে নাগরিক অধিকার প্রয়োগ করবেন।
আরও পড়ুন: নারীদের মধ্যে বাড়ছে হৃদরোগের ঝুঁকি
ডিএনসিসির মেয়র পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের আতিকুল ইসলাম, জাতীয় পার্টির মো. শাফিন আহমেদ, ন্যাশনাল পিপলস পার্টির মো. আনিসুর রহমান দেওয়ান, প্রগতিশীল গণতান্ত্রিক পার্টির শাহীন খান ও স্বতন্ত্র মো. আবদুর রহিম।
এর আগে বৃহস্পতিবার সকাল ৮টায় উত্তর সিটির মেয়র পদে উপ-নির্বাচন, নতুন ১৮টি ওয়ার্ডের সাধারণ নির্বাচন, দুটি ওয়ার্ডে উপ-নির্বাচন এবং দক্ষিণ সিটির নতুন ১৮টি ওয়ার্ডের সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। এই নির্বাচনে বিজয়ীরা এক বছর দায়িত্বে থাকবেন।
ইত্তেফাক/কেআই
