বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘অবৈধ সরকার স্বীকৃতি ও সহানুভূতি আদায়ের প্রত্যাশা নিয়ে আন্তর্জাতিক মহলের দুয়ারে দুয়ারে ধর্ণা দিয়ে অবশেষে প্রত্যাখ্যাত হয়ে বর্তমানে নির্মম পতনের প্রহর গুণছে। জাতীয় ও আন্তর্জাতিকভাবে প্রত্যাখ্যাত অবৈধ সরকারের পতন এখন সময়ের ব্যাপার মাত্র।’ রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি একথা বলেন।
সালাহ উদ্দিন আহমেদ বলেন, ‘স্পষ্টতই একটি তুমুল বিতর্কিত এবং ভোটারবিহীন প্রহসনের নির্বাচন থেকে সৃষ্ট রাজনৈতিক সংকটকে জঙ্গিবাদের সমস্যা হিসেবে চিত্রিত করার অপকৌশল আন্তর্জাতিকভাবে বিশ্বাসযোগ্য করাতে ব্যর্থ হয়ে সরকার এখন চূড়ান্ত পর্যায়ের হত্যাযজ্ঞে মেতে উঠেছে।’
তিনি বলেন, ‘গত শুক্রবার বরিশালের আগৈলঝরা উপজেলার ছাত্রনেতা টিপু হাওলাদার ও জাসাস নেতা কবির হোসেনকে ঢাকা থেকে বিনা কারণে গ্রেফতার করে ঠান্ডা মাথায় খুন করে ক্রসফায়ারের আষাঢ়ে গল্প সাজিয়েছে পেটোয়া পুলিশ বাহিনী। আমরা এ জাতীয় হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বরাবরের মতো বলতে চাই, সময়ের পট পরিবর্তন হলে এর জন্য দায়ী ব্যক্তিদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ উপযুক্ত আদালতে বিচারের আওতায় আনা হবে।’
চলমান গণআন্দোলনে যাদের প্রাণ বিসর্জিত হচ্ছে সরকারি বাহিনীর হাতে তাদেরকে ‘জাতীয় বীর’-এর মর্যাদা দেয়া হবে বলে বিবৃতিতে জানানো হয়েছে।
