তারা আরো ভয়াবহ পরিকল্পনা করছে: প্রধানমন্ত্রী

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৫, ১৬:৪০
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বোমা প্রস্তুতকারী ও সরবরাহকারীদের পাশাপাশি আদেশদাতা ও অর্থের যোগানদারদের বিচার কঠোর ও দৃষ্টান্তমূলক প্রক্রিয়ায় হওয়া প্রয়োজন। কারণ গোয়েন্দা তথ্যে জানা যায়, তারা আরো ভয়াবহ ঘটনা সংঘটনের পরিকল্পনা করছে। রবিবার দেশ সচিবালয়ে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় পরিদর্শনকালে মন্ত্রণালয়টির কর্মকর্তাদের উদ্দেশ্যে ভাষণকালে তিনি এসব কথা বলেন। খবর: বাসসের।
নিরাপরাধ মানুষের ওপর সাম্প্রতিক পেট্রোল বোমা হামলা ও অন্যান্য নৃশংসতার সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির ওপর গুরুত্বারোপ করে শেখ হাসিনা বলেছেন, বিলম্বিত বিচার তাদের আরো বড় ধরনের অঘটনে উত্সাহিত করবে।
বিএনপির চলমান কর্মকা্লকে ব্যর্থ চেষ্টা হিসেবে অভিহিত করে শেখ হাসিনা বলেন, তাদের এই গোলযোগ স্পষ্টত বিদেশে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করবে। যদিও এই অশুভ তত্পরতা থেকে তারা কিছুই অর্জন করবে না।
তিনি বলেন, মানুষ যাতে বিচার পায়, শান্তিতে বাস করতে পারে এবং অর্থনৈতিকভাবে স্বচ্ছলতার সঙ্গে এগিয়ে যায়, এ জন্য বর্তমান সরকার আইনের শাসন প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
প্রধানমন্ত্রী একটি শক্তিশালী ও কার্যকর বিচার প্রক্রিয়া ব্যবস্থা গড়ে তুলতে পরামর্শ দেয়া ও একত্রে কাজ করার জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অতীতে তার সরকার এ লক্ষ্যে কাজ করছে এবং আগামীতে এ প্রয়াস অব্যাহত থাকবে।