ব্লগারদের অধিকার রক্ষায় কাজ করবে আর্টিকেল ১৯

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৫, ১৮:০৭
 
রাজধানীর ব্র্যাক সেন্টারে ‘ব্লগারদের অধিকার’ শীর্ষক প্রকাশনার মোড়ক উন্মোচন এবং ‘স্পন্দমান ও শঙ্কামুক্ত অনলাইন ক্ষেত্র চাই’ বিষয়ক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মানুষের ‘বাকস্বাধীনতা’ নিশ্চিত বিষয়ক কর্মকাণ্ডে নিয়োজিত মানবাধিকার সংগঠন ‘আর্টিকেল ১৯, বাংলাদেশ ও দক্ষিণ এশিয়া’র কর্মসূচি আয়োজন করে।
রবিবার অনুষ্ঠানটিতে আর্টিকেল ১৯, বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার পরিচালক তাহমিনা রহমান জানিয়েছেন, বাংলাদেশের ব্লগার ও অনলাইন এক্টিভিস্টদের স্বাধীনভাবে মত প্রকাশ ও নিরাপত্তা সম্পর্কিত বিষয়ে প্রথম সংগঠন হিসেবে কাজ করছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন আর্টিকেল ১৯, বাংলাদেশ ও দক্ষিণ এশিয়া।
অনুষ্ঠানে 'নি:শঙ্ক' নামের একটি অনলাইন টুল উদ্বোধন করা হয়। যার মাধ্যমে ব্লগাররা তাদের অধিকার লঙ্ঘন হলে তা লিপিবদ্ধ করতে পারবেন যা পরবর্তীতে রেকর্ড হিসেবে থেকে যাবে।
আর্টিকেল ১৯ কর্তৃক বাংলায় ‘ব্লগারদের অধিকার’ শীর্ষক বইটির প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে জাতীয় সম্প্রচার আইন বিষয়ক জাতীয় কমিটির চেয়ারপার্সন ড. গোলাম রহমান বলেন, 'বর্তমানে আন্তর্জাতিকভাবে পৃথিবীর বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও সংবাদ মাধ্যমের বিভিন্ন সোর্স তৈরি হয়েছে। সংবাদ এখন শুধু আর পত্র-পত্রিকা বা টেলিভিশন ও রেডিওর মধ্যে সীমাবদ্ধ নেই। গণমাধ্যম এখন একটি বড় বিষয়। ব্লগিং, অনলাইন এক্টিভিজম এখন একটি বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। অনলাইন, অফলাইন, স্যাটেলাইট সব মিলিয়ে এখন একটি সমন্বিত পদ্ধতিতে পরিচালিত হওয়া দরকার।'
অনুষ্ঠানে অতিথিবৃন্দ এবং অনলাইন এক্টিভিস্ট ও ব্লগাররা বলেন, বাংলাদেশে এখনো পর্যন্ত অনলাইন বা অফলাইনে মত প্রকাশের নিরাপত্তা নিশ্চিত হয়নি এবং তারা এখনো প্রতিনিয়ত হয়রানি ও হুমকির শিকার হচ্ছেন।
অনলাইন এক্টিভিস্ট ও ব্লগাররা আরও জানান, তারা যখন তাদের মতামত নিজেদের ব্লগ, ফেসবুকও অন্যান্য অনলাইনে প্রকাশ করেন তখন তাদের মতামত না নিয়েই বাংলাদেশে প্রকাশিত পত্র-পত্রিকা ও স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এমনকি অনলাইন পত্রিকাতেও সেগুলো সরাসরি তারা প্রকাশ করছে, যা নীতি বিরুদ্ধ বলে তারা মনে করেন।