সীমান্তে অনুপ্রবেশকালে আরো ৭৫ জন মিয়ানমার নাগরিককে (রোহিঙ্গা) আটকের পর ফেরত পাঠানো হয়েছে। রবিবার কক্সবাজার ও টেকনাফ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকা উখিয়ার বালুখালী, নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ও তমব্রু এবং টেকনাফের জালিয়াপাড়া সীমান্ত এলাকায় এসব অনুপ্রবেশকারী ধরা পড়ে।
কক্সবাজারস্থ ১৭ বিজিবির অধিনায়ক লে. কর্নেল খোন্দকার সাইফুল আলম জানান, বালুখালী, ঘুমধুম ও তমব্রু সীমান্তে ৬০ জন মিয়ানমার নাগরিক অনুপ্রবেশকালে ধরা পড়ে। পরে তাদের একই সীমান্ত পয়েন্ট দিয়ে নিজ দেশে ফেরত পাঠানো হয়। এ নিয়ে চলতি মাসে তার ব্যাটালিয়ানের হাতে আটক ৪৮৩ জন রোহিঙ্গাকে ফেরত পাঠানো হয়েছে বলে তিনি জানান।
অন্যদিকে টেকনাফস্থ ৪২ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আবু জার আল জাহিদ জানান, রবিবার তার ব্যাটালিয়নের আওতাধীন সীমান্তে ১৫ রোহিঙ্গাকে অনুপ্রবেশকালে আটকের পর ফেরত পাঠানো হয়েছে।
