মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট নাশিদ গ্রেফতার

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৫, ১৯:৪৫
 
মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ আনা হয়েছে। এছাড়াও দেশটির একজন জ্যেষ্ঠ বিচারককে ২০১২ সালের জানুয়ারি মাসে বেআইনিভাবে আটকের নির্দেশ দেয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
ওই আটকাদেশের বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভ ছড়িয়ে পরলে এক মাস পরই ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হন তিনি। এসময় তার রাজনৈতিক দলের প্রধান কার্যালয়ে সেনা অভিযানও চালানো হয়েছিল। ক্ষমতা ছাড়ার পরই তিনি অভিযোগ করে বলেছিলেন যে সেনা অভ্যুত্থানের মাধ্যমে তাকে ক্ষমতা ছাড়তে বাধ্য করা হয়েছে।
মোহাম্মদ নাশিদ ছিলেন দেশটির প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট। ২০০৮ সালে তিনি প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিলেন।
আব্দুল্লাহ মোহাম্মদ নামের সেই বিচারককে গ্রেফতারের নির্দেশ দেয়ার অভিযোগে ২০১৩ সালে তিনি একবার জেলে গিয়েছিলেন। অবশ্য তখন একদিন পরই ছাড়া পেয়েছিলেন তিনি। সূত্র: বিবিসি