প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া অসাংবিধানিক পথে ক্ষমতা দখল করতে চান। খালেদা জিয়া দাবি করেছেন, তারা গণতন্ত্রের জন্য আন্দোলন করছেন। কিন্তু তিনি গণতন্ত্রে বিশ্বাস করেন না।তিনি একটি বিশেষ জায়গার দিকে তাকিয়ে আছেন। সেখান থেকে কেউ একজন এসে তাকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়ে দেবে। আমরা সংবিধানে সংশোধনী এনেছি। বর্তমান সংবিধান অনুযায়ী অবৈধভাবে ক্ষমতা দখলকারীদের কঠোর শাস্তির সম্মুখীন হতে হবে।
অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রবিবার বিকেলে রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটে আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন।
আলোচনা সভা সঞ্চালনা করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ ও উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল।
প্রধানমন্ত্রী বলেন, অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলের পরিণতি প্রত্যেকের জানা আছে। জেনারেল জিয়া, জেনারেল এরশাদ, ফখরুদ্দিন ও মঈনউদ্দিন পরিণতি ভোগ করেছেন। তাই আমি বিশ্বাস করি, এখন আর কেউ এই আগুনের দিকে পা বাড়াতে আগ্রহী হবে না। খবর বাসস।
