ঢাকা থেকে ফিরেই মমতার সফরসঙ্গী গ্রেফতার

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৫, ০০:১৫

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে ঢাকা থেকে ফেরার সময় কলকাতা বিমানবন্দরে গ্রেফতার করা হয়েছে তার এক সফরসঙ্গীকে। আর্থিক অপরাধের অভিযোগে দিল্লি পুলিশ শিবাজি পাঁজা নামের ওই ব্যবসায়ীর নামে লুক আউট নোটিশ জারি করেছিল। খবর বিবিসি’র।

শনিবার রাতে মমতা ব্যানার্জি ও তার সফরসঙ্গীরা ঢাকা থেকে কলকাতায় পৌঁছাবার পর অভিবাসন দফতর পাঁজাকে আটক করে। বিমানবন্দর থানার হাতে তুলে দেয়া হলে তাকে রাতে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশের একাধিক সূত্র নিশ্চিত করেছে। পুলিশ সূত্রে বলা হচ্ছে, দিল্লির কালকাজী থানায় পাঁজার বিরুদ্ধে জালিয়াতি ও ষড়যন্ত্রের মামলা রয়েছে সেখানে। অভিবাসন দফতরের সূত্রগুলো বলছে, ১৯ ফেব্রুয়ারি দিল্লি পুলিশ ওই লুক আউট নোটিশ পাঠিয়েছিল, কিন্তু তার আগেই মমতা ব্যানার্জির সঙ্গে শিবাজি পাঁজা ঢাকা চলে যান। কলকাতা বিমানবন্দরে নামার পর পাসপোর্ট পরীক্ষার সময় লুক আউট নোটিশ দেখা যায়। তবে তাকে ঠিক কী অপরাধে গ্রেফতার করা হয়েছে সেই বিষয়ে দিল্লি পুলিশ স্পষ্ট করে কিছু জানায়নি। তাকে গ্রেফতারের পরই দিল্লি পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং পুলিশের একটি প্রতিনিধি দল কলকাতা আসছে বলে পশ্চিমবঙ্গ পুলিশ জানিয়েছে। অসুস্থ হওয়ার পর শিবাজিকে হাসপাতালে নেয়া হয় এবং পরে গতকাল রবিবার তাকে আদালতে হাজির করা হয়। তিনি মমতা ব্যানার্জির একজন ঘনিষ্ট ব্যবসায়ী হিসেবে পরিচিত। বিনোদন এবং চলচ্চিত্রেই তার মূল ব্যবসা।