সাভারের বিরুলিয়া ইউনিয়নের বাগ্নীবাড়ী এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে দিনে দুপুরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের হামলায় আহত হয়েছেন বাড়ির গৃহকর্তা হানিফসহ ৩ সদস্য।।
জানা গেছে, গতকাল রবিবার দুপুর ১২টার দিকে বাগ্নীবাড়ী এলাকার জমি ব্যবসায়ী হানিফ মোল্লার এক তলা বাড়িতে ১০/১২ জনের সশস্ত্র ডাকাত দল প্রবেশ করে। ডাকাতরা প্রথমে অস্ত্রের মুখে ঐ বাড়ির নারীসহ তিন বাসিন্দার হাত পা মুখ রশি দিয়ে বেঁধে ফেলে। পরে ডাকাত দল বাড়ির আলমারি ভেঙ্গে বাড়িতে রাখা জমি বিক্রির নগদ পঞ্চাশ হাজার টাকা, তিন ভরি স্বর্ণালঙ্কার, ১টি মোবাইল ফোনসহ কয়েক লাখ টাকার মালামাল লুট করে দ্রুত একটি মাইক্রোবাসযোগে পালিয়ে যায়। পরে বাড়ির লোকজনের চিত্কারে আশপাশের লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিত্সার ব্যবস্থা করেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে সাভার মডেল থানা পুলিশ।
সাভার মডেল থানার ওসি আব্দুল মোতালেব মিয়া জানান, এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের হয়েছে।
