জাহাঙ্গীরনগর ভার্সিটিতে ভর্তি পরীক্ষায় বিশেষ সুবিধা বন্ধ করুন

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৫, ০০:২২

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার বিজ্ঞাপিত শর্ত ভঙ্গ করে নম্বর ছাড় দিয়ে বিশেষ গোষ্ঠীকে সুবিধা প্রদান বন্ধের দাবিসহ তিন দফা দাবি জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা। পোষ্য কোটায় নম্বর ছাড় দিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রতিবাদ জানিয়ে গতকাল রবিবার এক সংবাদ সম্মেলনে ‘শিক্ষক-শিক্ষার্থী ঐক্যমঞ্চ’ ব্যানারে শিক্ষক-শিক্ষার্থীরা এ দাবি জানান। দাবিগুলো হচ্ছে: ভর্তি পরীক্ষার বিজ্ঞাপিত শর্ত ভঙ্গ করে নম্বর ছাড় দিয়ে কোন বিশেষ গোষ্ঠীকে সুবিধা প্রদান বন্ধ, সকল কোটার আসন নির্দিষ্ট এবং মুক্তিযুদ্ধ কোটায় ভর্তির জন্য কমিটি গঠন করে প্রকৃত প্রার্থীদের ভর্তিসহ উপাচার্য কোটা বিলুপ্ত করতে হবে। এছাড়া পোষ্য কোটায় বিশেষ সুবিধার প্রতিবাদে আজ সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় শহীদ মিনার চত্বরে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেয় শিক্ষক-শিক্ষার্থী ঐক্যমঞ্চ।

২০১৪-১৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রাথমিকভাবে পোষ্যদের অনেকের উচ্চ মাধ্যমিক ফলাফল অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণেরই যোগ্যতা ছিল না। পরে কর্মচারীদের আন্দোলনের মুখে পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা শিথিল করা হয়। কিন্তু ভর্তি পরীক্ষায় অধিকাংশ পোষ্য মেধা তালিকায় উত্তীর্ণ না হওয়ায় পরে গ্রেস নম্বর দিয়ে অনুত্তীর্ণ পোষ্যদের ভর্তির দাবিতে আন্দোলন শুরু করেন কর্মচারীরা। আজ সোমবার বিশ্ববিদ্যালয় প্রশাসন ভর্তির কমিটির সভায় পোষ্যদের ভর্তির বিষয়ে সিদ্ধান্ত নিবে।