পূর্ব লন্ডনের তিন স্কুলছাত্রী পরিবারকে না জানিয়ে তুরস্কে পাড়ি দিয়ে সিরিয়ার জঙ্গি সংগঠন আইএসে যোগ দেয়ার আশঙ্কায় ভেঙ্গে পড়েছে তাদের পরিবার। নিখোঁজ শামীমার পরিবারের পক্ষ থেকে পুলিশের মাধ্যমে পাঠানো বার্তায় বলা হয়, আমরা ভীষণভাবে তোমার অভাব অনুভব করছি। তোমাকে নিয়ে আমরা খুবই চিন্তিত। যদি তুমি আমাদের এই ডাক শুনতে পাও দ্রুত আমাদের সাথে যোগাযোগ করো এবং আমাদের জানাও তোমরা নিরাপদে আছো। আমরা তোমাদের ফিরে পেতে চাই। আমাদের সাথে থাকাটা তোমাদের অধিকার।
নিখোঁজের পর থেকে ঐ তরুণীদের পরিবার পুলিশের কাছে লিখিতভাবে জানায়, তাদের মেয়েদের খুঁজে পাচ্ছেন না তারা। তবে লন্ডন মেট্রোপলিটন পুলিশ কমান্ডার রিচার্ড ওয়াল্টন বলেন, সিরিয়ায় আইএস জঙ্গিদের সঙ্গে যোগ দিতেই ১৫ থেকে ১৬ বছর বয়সী ঐ তিন কিশোরী তুরস্কে পাড়ি জমিয়েছে। মঙ্গলবার সর্বশেষ ইস্তাম্বুলের উদ্দেশ্যে তুরস্কের একটি বিমানে চড়ার জন্য গেটউইক বিমানবন্দরের নিরাপত্তা বেস্টনি পাড়ি দেয়ার সময় ঐ তরুণীদের ছবি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে।
