আদমজীতে পুলিশের লাঠিচার্জে আহত ২০

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৫, ০২:২০

কারখানার মালিক বিদেশে অবস্থান করায় দুই মাসের বকেয়া বেতন পরিশোধ করে সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের একটি গার্মেন্টেস বন্ধ করে দিয়েছে বেপজা।

রবিবার সকালে আদমজী ইপিজেডে শ্রমিকরা প্রবেশ করতে চাইলে পুলিশ তাদেরকে বাধা দেয়। এসময় শ্রমিকরা জোরপূর্বক ভিতরে প্রবেশ করতে চাইলে পুলিশ লাঠিচার্জ করে। এতে কমপক্ষে ২০ জন শ্রমিক আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ ৪ জনকে আটক করেছে। জানা যায়, আদমজী ইপিজেডে রপ্তানিমুখী গার্মেন্টস এএমসিএস টেক্সটাইল এ ১৩শ’ শ্রমিক-কর্মচারী কর্মরত আছে।
শ্রমিকরা জানায়, কোন প্রকার পূর্ব নোটিস ছাড়াই কারখানা বন্ধ করে দিয়েছে। কারখানা বন্ধ করার পূর্বে সম্পূর্ণ পাওনা পরিশোধের দাবি জানান শ্রমিকরা।

আদমজী ইপিজেডের ব্যবস্থাপক মেহেবুব আলী জানান, কারখানার মালিক বিদেশে অবস্থান এবং তাদের মধ্যে শেয়ার নিয়ে মামলা থাকায় বকেয়া ২ মাসের বেতন পরিশোধ করে কারখানা বন্ধ করা হয়েছে।