জব্বারের যুদ্ধাপরাধ মামলার রায় মঙ্গলবার

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৫, ১৩:১৩
 
একাত্তরের মানবতাবিরোধী অপরাধ মামলায় জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য আবদুল জব্বারের রায় মঙ্গলবার দেয়া হবে। সোমবার বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন।
এর আগে মামলার কার্যক্রম শেষ হওয়ায় গত বছরের ৩ ডিসেম্বর রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ রাখেন ট্রাইব্যুনাল।
মুক্তিযুদ্ধের সময় গণহত্যা ছাড়াও ৩৬ জনকে হত্যা, ২০০ জনকে ধর্মান্তরিতকরণ, ৫৫৭টি বাড়িঘরে লুটপাট চালানো ও অগ্নিসংযোগের মতো পাঁচটি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
পিরোজপুরের সাবেক সংসদ সদস্য জব্বারের বিরুদ্ধে পাঁচ ধরনের মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ২০১৪ সালের গত ১ মে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এসব অভিযোগ আমলে নিয়ে ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। তাকে গ্রেফতার করতে না পারায় পলাতক ঘোষণা করে বিচার কাজ শুরু করা হয়।
 
পাঁচ অভিযোগ
প্রথম অভিযোগ- ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পিরোজপুরের মঠবাড়িয়ার ফুলঝুড়িতে দুইজন মুক্তিযোদ্ধাকে হত্যা করেন জব্বার। এছাড়া নাথপাড়া ও কুলুপাড়ার শতাধিক বাড়িতে লুট করেন এবং অগ্নিসংযোগ করে।
দ্বিতীয় অভিযোগ- মুক্তিযুদ্ধের সময় জব্বার ফুলঝুড়িতে একজনকে হত্যা করেন এবং ৩৬০টি বাড়িঘরে লুটপাট চালান এবং অগ্নিসংযোগ করেন।
তৃতীয় অভিযোগ- নলীতে ১১ জনকে হত্যা ছাড়াও ৬০টি বাড়ির মালামাল লুণ্ঠন করেন এবং অগ্নিসংযোগ করেন জব্বার।
চতুর্থ অভিযোগ- ফুলঝুড়িতে প্রায় ২০০ নিরস্ত্র হিন্দু সম্প্রদায়ের লোককে জোরপূর্বক ধর্মান্তরিত করেন জব্বার।
পঞ্চম অভিযোগ- আঙ্গুলকাটা এবং মঠবাড়ীয়া থেকে ৩৭ জনকে আটক, মালামাল লুণ্ঠন, অপহরণ, নির্যাতন, ১৫ জনকে গুরুতর জখম এবং ২২ জনকে হত্যা করেন জব্বার।