মান্নার গণমিছিল কর্মসূচি স্থগিত

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৫, ০৮:৫৭
 
 
গণমিছিলের পরিবর্তে সংক্ষিপ্ত সমাবেশ করেই কর্মসূচি শেষ করল নাগরিক ঐক্য। সোমবার বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। তবে ঘোষণা দিয়েও কর্মসূচীতে ছিলেন না সংগঠনের আহবায়ক মাহমুদুর রহমান মান্না।
 
সমাবেশে ছাত্র ঐক্যের আহবায়ক নাজমুল হাসান হঠাত্ ঘোষণা দেন, ‘অনিবার্য কারণবশত আজকের গণমিছিল ‘স্থগিত’ করা হলো। তবে যত বাধাই আসুক গণতন্ত্র পুনরুদ্ধারে আমাদের এ আন্দোলন অব্যাহত থাকবে। পরবর্তীতে আমরা মিছিলের সময় জানিয়ে দেব।’
 
মাহমুদুর রহমান মান্না কেন উপস্থিত হননি, এমন প্রশ্নের জবাবে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য আতিকুর রহমান ইত্তেফাককে বলেন, ‘‘তিনি অসুস্থ। এজন্য কর্মসূচীতে অংশ নিতে পারেননি। মঙ্গলবার সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবে সংগঠনের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে মাহমুদুর রহমান বক্তব্য রাখবেন।’’
 
‘শান্তি ও সংলাপ’-এর দাবিতে গণমিছিলের ঘোষণা দেয় নাগরিক ঐক্য। জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে বিকাল চারটায় এ মিছিল বের হওয়ার কথা ছিলো। মিছিলে প্রবীণ আইনজীবী ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্ব দেয়ার কথা ছিলো। কিন্তু সংগঠনের আহবায়ক মাহমুদুর রহমান মান্নার একটি ফোনালাপ অডিও রবিবার গণমাধ্যমে ফাঁস হয়। বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে গভীর রাত পর্যন্ত আলোচনা-সমালোচনা চলে।