মান্না-খোকার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি নাসিমের

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৫, ১৯:৩৫


স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।  সোমবার বিকেলে রাজধানীর সুত্রাপুরে ১৪ দলের এক বিক্ষোভ সমাবেশে তিনি এ দাবি জানান।
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের হরতাল-অবরোধের প্রতিবাদের এ সমাবেশ আয়োজন করে ঢাকা মহানগর ১৪ দল।
নাসিম বলেন, সাদেক হোসেন খোকা আর মাহমুদুর রহমান মান্নার সঙ্গে জনগণের সম্পর্ক নেই। এরা লাশের উপর দিয়ে ক্ষমতা দখল করতে চায়। এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এদেরকে ছাড় দেয়া যাবে না।
সুত্রাপুর থানা আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন সাম্যবাদি দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, ঢাকা মহানগর ১৪ দলের সমন্বয়ক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম প্রমুখ।
নাসিম বলেন, যে যাই বলুক, বিদেশীরা যতই প্রেক্রিপশন দিক, কোনো কাজ হবে না। কথা পরিস্কার, ২০১৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে। সে সময়ই নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপ হবে। খুনিদের সঙ্গে কোনো সংলাপ হবে না। খুনিদের সাথে সংলাপের কোন প্রশ্নই ওঠে না।