সরকার রিমান্ডের নামে বিএনপির যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে হত্যার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ বলেছেন, গত ৩০ জানুয়ারি মধ্যরাতে গ্রেফতারের পর থেকে রিজভীকে আজ পর্যন্ত কারাগারে প্রেরণ করা হয়নি। রিজভী আহমেদকে হত্যার উদ্দেশ্যে দীর্ঘ তেইশ দিন পুলিশি রিমান্ডের নামে দিন-রাত অসহনীয় কায়দায় সীমাহীন নির্যাতন করা হচ্ছে।
তিনি বলেন, রিজভী আহমেদ বরাবরই একজন অসুস্থ মানুষ। তাছাড়া অনবরত রিমান্ডের নামে মানসিক যন্ত্রণায় তিনি এখন মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। রিজভী আহমেদের শারীরিক অবস্থার অবনতি হয়ে যেকোনো দুর্ঘটনা ঘটলে সরকার কোনভাবেই তার দায় এড়াতে পারবে না বলেও সালাহ উদ্দিন আহমেদ উল্লেখ করেন।
তিনি অবিলম্বে রুহুল কবির রিজভীর ধারাবাহিক রিমান্ডের নামে নির্যাতন বন্ধ করে তার সুচিকিত্সার যথোপযুক্ত ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান। সেই সাথে তার বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির দাবি জানান।
