ডিসিসি নির্বাচন আয়োজনের প্রস্তাবে প্রধানমন্ত্রীর অনুমোদন

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৫, ২১:১৩
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন আয়োজনের প্রস্তাব অনুমোদন দিয়েছেন।
সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এ দুটি সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠান সংক্রান্ত প্রস্তাবের ফাইল প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করেন। প্রধানমন্ত্রী এ প্রস্তাবে সম্মতি দিয়ে স্বাক্ষর দিয়ে যত দ্রুত সম্ভব এ নির্বাচন অনুষ্ঠানের নির্দেশ দেন।
বৈঠক সূত্র জানায়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আনিসুল হককে আওয়ামী লীগের প্রার্থী করার বিষয়ে প্রধানমন্ত্রী মত দিয়েছেন। তবে ঢাকা দক্ষিণের প্রার্থীর বিষয়ে কোনো মন্তব্য করেননি শেখ হাসিনা।
সূত্র জানায়, মন্ত্রিসভার দু’জন সদস্য এই মুহূর্তে সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে আপত্তি জানিয়ে বলেন, এই মুহূর্তে নির্বাচন দেওয়া ঠিক হবে কি না তা ভেবে দেখা দরকার।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, আপনারা যে সুবিধাজনক সময়ের কথা চিন্তা করছেন, সেই সুবিধাজনক সময় আপনাদের কাছে কখনও মনে হবে না। নির্বাচন হওয়া দরকার। সিটি করপোরেশনের জনসাধারণ এভাবে কষ্ট ভোগ করতে পারে না। নির্বাচিত জনপ্রতিনিধিদের সেবা যাতে জনগণ পায় তা নিশ্চিত করতে হবে। ঢাকার পাশাপাশি চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন নিয়েও আলোচনা হয় মন্ত্রিসভায়। চট্টগ্রাম সিটি এবং ঢাকা দক্ষিণের প্রার্থী কাকে করা হবে তা পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
প্রসঙ্গত, সর্বশেষ ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয় ২০০২ সালে। ২০০৭ সালে মেয়াদ শেষ হওয়ার সময় তত্কালীন সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনের উদ্যোগ নেয়নি।
এরপর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে ঢাকা সিটি কর্পোরেশনকে দুই ভাগে ভাগ করে নির্বাচন দেওয়ার কথা বললেও ‘সীমানা জটিলতা’র কারণে তা আটকে যায়। সমপ্রতি সীমানা সংক্রান্ত জটিলতা দূর হলে নির্বাচন অনুষ্ঠানের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
এরই ধারাবাহিকতায় নির্বাচন সংক্রান্ত ফাইলে স্বাক্ষর করলেন তিনি। নিয়ম অনুযায়ী স্থানীয় সরকার থেকে নির্বাচন কমিশনে সিটি নির্বাচন আয়োজনের অনুরোধ জানালে নির্বাচন আয়োজনের ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন।
প্রধানমন্ত্রীর অনুমোদন পাওয়ার পর বিকালে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে নির্বাচন কমিশনে ডিসিসি নির্বাচনের অনুরোধ জানানো হয়। একই সঙ্গে ঢাকা সিটি কর্পোরেশনের উত্তর ও দক্ষিণ ভাগে সীমানা সংক্রান্ত জটিলতা নিরসন করে গেজেটের কপিও নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে।