অস্কারে সেরা ‘বার্ডম্যান’

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৫, ০১:৪৪

চলতি বছরের অস্কার পুরস্কারে সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে কমেডি ধাচের ছবি ‘বার্ডম্যান’। সেরা অভিনেতার পুরস্কার গেছে ব্রিটিশ অভিনেতা এডি রেডমেইন এবং সেরা অভিনেত্রীর পুরস্কারের খ্যাতি লাভ করেছেন জুলিয়ান মুর। তবে বেশি পুরস্কার পেয়েছে ‘দ্য গ্রান্ড বুদাপেস্ট হোটেল’। খবর বিবিসি’র।

আমেরিকা মোশন পিকচার অ্যাকাডেমি পুরস্কার বা অস্কার দেয়া হয় যথারীতি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়েই। অস্কারের ৮৭তম পর্বে এডি রেডমেইনের ‘দ্য থিওরি অফ এভরিথিং’ ছবিতে বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন। অন্যদিকে ‘স্টিল অ্যালিস’ ছবিতে একজন রোগীর চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার বাগিয়ে নিয়েছেন জুলিয়ান মুর। সেরা চলচ্চিত্র পরিচালকের পুরস্কার জিতে নিয়েছেন ‘বার্ডম্যান’ এর পরিচালক আলেকজান্দ্রো জি ইনারিতু। এছাড়া ছবিটি সেরা চিত্রনার্ট ও সেরা চিত্রগ্রহণ ক্যাটাগরিতেও পুরস্কার লাভ করেছে। চারটি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে ‘দ্য গ্রান্ড বুদাপেস্ট হোটেল’ চলচ্চিত্রটি। ‘হুইপল্যাশ’ সিনেমায় একজন রাগী শিক্ষকের ভূমিকায় অভিনয় করে পার্শ্ব চরিত্রে সেরা অভিনয়ের পুরস্কর পেয়েছেন জে কে সিমন্স। এক যুগ ধরে এক  সিনেমায় (বয়হুড) অভিনয় করে এবার পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রীর অস্কার জিতে নিলেন প্যাট্রিশিয়া আর্কেট। এডওয়ার্ড স্নোডেনকে নিয়ে তৈরি প্রামাণ্যচিত্র ‘সিটিজেন ফোর’ জিতে নিয়েছে সেরা তথ্যচিত্রের অস্কার। বিদেশি ভাষার সেরা চলচ্চিত্র হিসেবে পুরস্কার জিতে নিয়েছেন পোলিশ নির্মাতা পাওয়েলে পাওয়েলিকোস্কি, তার সিনেমা ‘ আইডা’র জন্য। এবার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের উপস্থাপনার দায়িত্বে ছিলেন অভিনেতা নিল প্যাট্রিক হ্যারিস।