জাতীয় পার্টির নেতা ও সাবেক সংসদ সদস্য পলাতক ইঞ্জিনিয়ার আবদুল জব্বারের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ মঙ্গলবার ঘোষণা করা হবে। গতকাল সোমবার বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ এই দিন ধার্য করেন। দুই পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত বছরের ৩ ডিসেম্বর মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখা হয়। এটি হবে যুদ্ধাপরাধের বিচারে গঠিত দুই ট্রাইব্যুনালের সপ্তদশ রায়।
জব্বারের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগে বলা হয়, তিনি ১৯৫৬ সালে প্রকৌশল বিদ্যালয়ে পড়াশোনা শেষ করেন। পরে তার শ্বশুর ও তত্কালীন প্রভাবশালী মুসলিম লীগ নেতা আরশেদ আলীর প্রভাবে তিনি মুসলিম লীগের রাজনীতি শুরু করেন। জব্বার নিজে ছিলেন পিরোজপুরের মঠবাড়িয়া থানা শান্তি কমিটির চেয়ারম্যান। জাতীয় পার্টির টিকিটে মঠবাড়িয়া থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। বর্তমানে তার বয়স আনুমানিক ৮০ বছর। তিনি সম্ভবত যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
