নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে গোয়েন্দা পুলিশ আটক করেছে বলে দাবি করেছে তার পরিবার। মঙ্গলবার ভোররাত সাড়ে তিনটার দিকে রাজধানীর বনানীর একটি বাসা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন তার স্ত্রী মেহের নিগার।
তবে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান বলেন, পুলিশ বা গোয়েন্দা পুলিশ মান্নাকে আটক করেনি। তার আটকের বিষয়ে আমাদের কাছে কোন তথ্য নেই।
এদিকে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং-এর পরিচাক কমান্ডার মুফতি মাহমুদ খান জানিয়েছেন, র্যাবও মাহমুদুর রহমান মান্নাকে আটক করেনি।
এদিকে মাহমুদুর রহমান মান্নাকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে ধরে নিয়ে যাওয়ার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে তার পরিবার।
মান্নার বড় ভাইয়ের স্ত্রী বেগম সুলতানা মঙ্গলবার দুপুর পৌনে দুইটার দিকে বনানী থানায় জিডি করেন বলে জানিয়েছেন থানার ওসি ভূইয়া মাহবুব হাসান।
সুলতানা জিডিতে দাবি করেছেন, সোমবার রাত তিনটা- সাড়ে তিনটার দিকে ৬-৭ জন লোক গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে তার বনানীর বাসা থেকেই মান্নাকে নিয়ে যায়।
