এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট হায়দ্রাবাদ বিমানবন্দরে অপেক্ষা করছিল। নির্দিষ্ট সময়ের পরও ফ্লাইট ছাড়া হয়নি। কোনো যান্ত্রিক ত্রুটি কিংবা অন্য কোনো সমস্যা নয়, কারণ শপিংয়ে ব্যস্ত ছিলেন কংগ্রেস দলের নেত্রী, যিনি ঐ বিমানটির একজন যাত্রী।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি ঘটেছে গত শুক্রবার। হায়দ্রাবাদ থেকে দিল্লি অভিমুখী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটের যাত্রী ছিলেন তেলেঙ্গানা রাজ্যের কংগ্রেস দলের নেত্রী এবং সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও সুপ্রিম কোর্টের বিচারক রেনুকা চৌধুরী। কিন্তু নির্দিষ্ট সময়ে বিমানে উপস্থিত ছিলেন না তিনি। বার বার ঘোষণা করা সত্ত্বেও তিনি বিমানে উঠছিলেন না। শেষ পর্যন্ত তিনি ঠিকই এসেছেন, বিমানটিও গন্তব্যের উদ্দেশে যাত্রা করেছে, তবে সেটা ৪৫ মিনিট পর। একারণে সিডিউল অনুযায়ী বিমান ত্যাগ ও বিমানবন্দর ত্যাগ করার ক্রমানুসার অনুসরণ করতে পারেননি পাইলট।
সূত্র জানিয়েছে, রেনুকার জিনিসপত্র আগেই ফ্লাইটে উঠে গিয়েছিল। একদম শেষ মুহূর্তে তার জিনিসপত্র বের করে দেয়া সম্ভব হচ্ছিল না। বিমানের অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় ছিল না।
এদিকে ফ্লাইট দেরি হওয়ার কারণে বিমানের যাত্রীদের মধ্যেও অসেন্তাষ দেখা দেয়।
তবে শপিং করার কারণে দেরি হওয়ার বিষয়টি অস্বীকার করেছেন রেনুকা চৌধুরী। এদিকে এয়ার ইন্ডিয়া বলছে, তারা এই বিষয়ে তদন্ত করে দেখছে।
