বিড়ালের মর্যাদা প্রতিষ্ঠায় লড়াই

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৫, ১২:৫৪
 
জাপানের দক্ষিণাঞ্চলীয় শহর কিতায়ুশুর বাসিন্দা মাসাহিকো সুগা তার পোষা নয়টি বিড়ালকে প্রামে চড়িয়ে সারা শহর ঘুরে বেড়ান।
তার উদ্দেশ্য, তাকে দেখে মানুষ যেন পোষা কুকুরের মতো পোষা বেড়াল নিয়েও হাঁটতে বের হতে উৎসাহী হয়।
৫৩ বছর বয়সী মি সুগার আশা, একসময় পোষা কুকুরের মত সমাজে পোষা বেড়ালও সমান মর্যাদা পাবে।
জাপানের আসাহি শিম-বুন পত্রিকাকে তিনি বলেন, ‘আমি চাই মানুষ যেন আমাকে দেখে শিখতে পারে কিভাবে পোষা বেড়ালদের সাথে ঘনিষ্ঠ হতে হয়।’
অবসরপ্রাপ্ত এই ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার বলেন, বেড়ালকে বাইরে ঘুরতে নেয়ার কিছু সুবিধাও আছে। ঘরে বসে আসবাব আঁঁচড়ে নষ্ট কম করবে তারা।
বেড়ালপ্রেমী বলে তার শহরে সুগাকে সবাই চেনে। তিনি শুধু তার বেড়ালদের নিজের শহরেই বেড়ান না। তার ক্যাম্পার ভ্যানে করে তাদের তিনি রাজধানী টোকিওতেও নিয়ে গেছেন।

পোষা পশু-পাখি খুবই পছন্দ করে জাপানিরা। জাপানের বিভিন্ন শহরে বিড়াল-কুকুরদের জন্য ক্যাফে পর্যন্ত রয়েছে। তবে ২০০৯ সালের এক পরিসংখ্যানে দেখা গেছে, বেড়ালদের চেয়ে পোষা কুকুরের জনপ্রিয়তা অনেক বেশি। সূত্র: বিবিসি।