কুমিল্লার চান্দিনায় দুই দিনেও সন্ধান মেলেনি পানিতে ডুবে যাওয়া এক শ্রমিকের। তার নাম ইসহাক আলী (৫৫)। গত বুধবার তিনি দিঘীতে মাছের খাবার ছিটাচ্ছিলেন। এ সময় বজ্রপাত হলে তিনি পানিতে ডুবে যান।
বৃহস্পতিবার শেষ খবর পাওয়া পর্যন্ত মরদেহের সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ চালিয়ে যাচ্ছে। বুধবার বিকাল পৌঁনে ৩টায় চান্দিনা পৌরসভাধীন ৪নং ওয়ার্ড বেলাশহর এলাকার আরএনআর সিরামিক ফ্যাক্টরি সংলগ্ন দিঘীতে এ ঘটনা ঘটে।
ইসহাক আলী সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার বিশ্বাসপাড়া গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে। তিনি দীর্ঘ প্রায় ১০ বছর যাবৎ কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারপাড়া গ্রামের গোলাম মোহাম্মদ মিয়াজীর ছেলে মৎস্য ব্যবসায়ী মিজান মিয়াজীর অধীনে শ্রমিকের কাজ করে আসছিলেন। বেলাশহর এলাকার ওই দিঘীটিতেও মাছের চাষ করেছেন মিজান মিয়াজী।
প্রত্যক্ষদর্শী হাজী মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘প্রতিদিনের মতো নৌকায় চড়ে দীঘিতে মাছের খাবার ছিটাচ্ছিলেন শ্রমিক ইসহাক। পৌঁনে ৩টার দিকে হঠাৎ দেখলাম দীঘিতে বজ্রপাত হলো। তার সঙ্গে সঙ্গে নৌকা থেকে পানিতে পড়ে যান ইসহাক। এ সময় দিঘীর চারপাশে আরও মানুষ ছিল। তাৎক্ষণিকভাবে আমরা দিঘীতে নেমে তাকে খোঁজার অনেক চেষ্টা করি। না পেয়ে ফায়ার সার্ভিস ও চান্দিনা থানা পুলিশে ফোন করি।
চান্দিনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (এসও) সফিক উদ্দিন জানান, ‘বুধবার বিকাল থেকে আমরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছি। তাকে খুঁজে না পেয়ে চাঁদপুর থেকে পাঁচ সদস্যের ডুবুরিদল আসে। সন্ধ্যা ৭টা থেকে এখন পর্যন্ত মরদেহের সন্ধান পাওয়া যায়নি। দিঘীর গভীরতাও তুলনামূলক অনেক বেশি। আমাদের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।’
আরও পড়ুনঃ ভারতীয় বায়ুসেনাকে ফিরিয়ে দেয়ার দাবি ফাতিমা ভুট্টোর
এদিকে, এ ঘটনায় দিঘীটির চারপাশে উৎসুক জনতা ভিড় করে রেখেছে। স্থানীয় সাহসী যুবকরা ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সঙ্গে উদ্ধার অভিযানে সহযোগিতা করতে দেখা গেছে।
ইত্তেফাক/নূহু

