মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার প্রত্যন্ত অঞ্চল বাঘড়ার রুদ্রপাড়ায় পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ শাহীন (২৬) নামে এক সন্ত্রাসী নিহত এবং আলামিন নামে এক পুলিশের কনস্টেবল গুলিবিদ্ধ হয়েছেন। আলামিনকে আহতাবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।
শ্রীনগর থানার ওসি শেখ মাহাবুবুর রহমান জানান, প্রথমে দুপুর দেড়টায় বাঘড়ার রৌদ্রপাড়ায় অবৈধ অস্ত্রসহ সন্ত্রাসী আছে এমন খবর পেয়ে শ্রীনগর থানা থেকে একদল পুলিশ অভিযানে যায়। পরে পুলিশের উপস্থিতি টের পেয়েই সন্ত্রাসীরা গুলি ছোড়ে এবং পুলিশের উপর হামলা চালায়। এসময় শ্রীনগর থানার কনস্টেবল আলামিন গুলিবিদ্ধ হয়। সন্ত্রাসীরা আলামিনের সাথে থাকা রাইফেলটি ছিনতাই করে নেয়।
খবর পেয়ে দুপুর আড়াইটায় শ্রীনগর থানার ওসিসহ শ্রীনগর থানা পুলিশ ও জেলা পুলিশ লাইনের অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে আসে। এ সময় পুলিশ গোটা এলাকাকাকে ঘিরে সন্ত্রাসীদের ধরার চেষ্টা করে। এ সময় ফের পুলিশকে লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি করলে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান আহত হয়। পরে পুলিশ পাল্টা গুলি ছুড়লে সন্ত্রাসী শাহীন নিহত হয়। এ সময় পুলিশ ৪ রাউন্ড গুলি ছোড়ে। শাহীনের কাছ থেকে একটি পিস্তল এবং আলামিনের খোয়া যাওয়া রাইফেলটি উদ্ধার করেছে পুলিশ।
ওসি আরও জানান, নিহত শাহিনের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাইসহ কমপক্ষে ৬টি মামলা রয়েছে। পালিয়ে যাওয়া অপর সন্ত্রাসীদের ধরার চেষ্টা চলছে। এ ঘটনায় শ্রীনগর থানায় মামলার প্রস্তুতি চলছে।
শাহীন স্থানীয় রৌদ্রপাড়ার নুর ইসলামের পুত্র। ঘটনাস্থলে এখন থমথমে অবস্থা বিরাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
