গণপূর্ত অধিদফতরের প্রধান সহকারী মো. হানিফ ভূঁইয়ার বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার অভিযোগ অনুসন্ধানে দুদকের উপ-সহকারী পরিচালক মো. আলতাফ হোসেনকে অনুসন্ধানকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
দুদক সূত্র জানায়, ঢাকার গণপূর্ত অধিদফতরের প্রধান সহকারী মো. হানিফ ভূঁইয়ার বিরুদ্ধে বিপুল পরিমাণ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগসহ ঘুষ-বাণিজ্যের অভিযোগ রয়েছে। ক্ষমতার অপব্যবহার করে ঘুষ বাণিজ্যের মাধ্যমে তিনি নামে-বেনামে প্রচুর সম্পত্তির মালিক হয়েছেন। চলতি বছরের ১৩ জানুয়ারি কমিশন প্রাথমিক সোর্সে অভিযোগের সত্যতা যাচাই করে এর অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়। এর ধারাবাহিকতায় গতকাল অনুসন্ধানকানী কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া অনুসন্ধানকারী কর্মকর্তাকে কমিশন থেকে দ্রুত অভিযোগ অনুসন্ধানের নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি অভিযোগের সঠিক অনুসন্ধানের স্বার্থে দুদকের উপ-পরিচালক মো. বেনজীর আহমেদকে অভিযোগ অনুসন্ধানে তদারককারী কর্মকর্তা হিসেবেও নিয়োগ দেয়া হয়েছে।
