নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্নার মুক্তির দাবি জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ। ২০ দলীয় জোটের পক্ষ থেকে মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘দেশের বিশিষ্ট রাজনীতিবিদ, ডাকসু’র সাবেক ভিপি ও নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্নাকে গতরাত সাড়ে তিনটার সময় সাদা পোষাকধারী সরকারি আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা গ্রেফতারি পরোয়ানা ছাড়াই তুলে নিয়ে যাওয়ার পর পুলিশের পক্ষ থেকে গ্রেফতার করা হয়নি মর্মে বক্তব্য প্রদান করায় আমরা বিস্মিত হয়েছি।’
বিবৃতিতে বলা হয়, যে প্রক্রিয়ায় দেশের এই পর্যায়ের একজন নাগরিককে তুলে নেয়া হলো তাতে রাষ্ট্রের কোনো নাগরিকের মৌলিক অধিকার, মানবাধিকার এবং বেঁচে থাকার অধিকারের কোনো গ্যারান্টি অবশিষ্ট রইল না। আমরা সাংবিধানিক, মৌলিক ও মানবাধিকারকে চূড়ান্ত লঙ্ঘন করে সরকারি বাহিনীর এহেন ঘৃন্য কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে মাহমুদুর রহমান মান্নাকে তাঁর পরিবারের কাছে ফেরত প্রদান ও দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি।
