দেশ থেকে দুর্নীতি হটাতে বর্তমানে কমিশন দুর্নীতি প্রতিরোধের ওপর সর্বাধিক গুরুত্বারোপ করছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মো. বদিউজ্জামান।
মঙ্গলবার দুপুরে ‘দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের আইডি কার্ড বিতরণী’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কমিশনের চেয়ারম্যান এ তথ্য জানান। এসময় দুদক চেয়ারম্যান মো. বদিউজ্জামান বলেন, শুধু বাংলাদেশেই নয়, দুর্নীতি সারাবিশ্বেই ছড়িয়ে আছে। এটা এমন রোগ যা নির্মুল করা সম্ভব নয়। সরাবিশ্বেই দুর্নীতি প্রতিরোধের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
এসময় তিনি দুদক থেকে দেওয়া আইডি কার্ড অপব্যবহার হওয়ার শঙ্কা প্রকাশ করে সকলকে সর্তক করে দেন। তিনি আরো জানান, পরবর্তী সময়ে ঢাকা মহানগর ও দেশের বিভিন্ন উপজেলায় দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের মাঝে এ কার্ড বিতরণ করা হবে।
এদিকে বিশেষ অতিথি দুদক কমিশনার (তদন্ত) মো. সাহাবুদ্দিন চুপ্পু বলেন, আমরা যদি দুর্নীতির উৎস চিহ্নিত করে প্রতিরোধ গড়ি তুলতে পারি তাহলে দেশ দুর্নীতির অভিশাপ থেকে রক্ষা পাবে। এ প্রতিরোধের কাজ সবচেয়ে গুরুত্বের সঙ্গে এগিয়ে নিয়ে যাব।
প্রতিরোধ কমিটির সদস্যদের উদ্দেশে কমিশনার সাহাবুদ্দিন বলেন, আইডি কার্ডপ্রাপ্তরা হলেন দুদকের দূত। এ দায়িত্ব যেন আপনারা সূচারুরূপে করতে পারেন সে জন্যই এ কার্ড প্রদান করা হয়েছে। এ কার্ড প্রদানের ক্ষেত্রে দুদক অরাজনৈতিক ও অবিতর্কিত ব্যক্তি বেছে নিয়েছে।
বিশেষ অতিথির বক্তব্যে দুদকের অপর কমিশনার মো. নাসিরউদ্দিন আহমেদ বলেন, দুদক গত কয়েক বছর ধরে প্রতিরোধের দিকে বেশি গুরুত্ব দিচ্ছে। প্রতিবেশী দেশ নেপালকে অনুসরণ করে আমরা গণশুনানীর ব্যবস্থা করছি।
কমিশনের সচিব মো. মাকসুদুল হাসান খানের সভাপতিত্বে ও দুদকের উপ-পরিচালক আব্দুল্লাহ আল জাহিদের পরিচালনায় অনুষ্ঠানে দুদকের ডিজি ড. শামসুল আরিফিন, কামরুল হাসান মোল্লা, ব্রিগেডিয়ার সালাউদ্দিন আহমেদ, জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য, জিআইজেড প্রতিনিধি আলী রেজাসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
