চুয়েটে গ্যাস জেনারেটর দুর্নীতি তদন্তে দুদকে কর্মকর্তা নিয়োগ

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৫, ১৯:১৪

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নিম্নমানের গ্যাস জেনারেটর মেশিন সরবরাহে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নতুন কর্মকর্তা নিয়োগ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সরবরাহকারী প্রতিষ্ঠান মেসার্স বিটকো অ্যাসোসিয়েটসের বিরুদ্ধে ক্রয় চুক্তি লঙ্ঘন করে চুয়েটকে নিম্নমানের গ্যাস জেনারেটর মেশিন সরবরাহের এ অভিযোগ অনুসন্ধানের দায়িত্ব দেয়া হয়েছে দুদকের সহকারী পরিচালক মো. মাসুদুর রহমানকে।
দুদক সূত্র জানায়, চুয়েটের স্পেসিফিকেশন অনুযায়ী সরবরাহ না করে নিম্নমানের গ্যাস জেনারেটর সরবরাহের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে সরবরাহকারী প্রতিষ্ঠান মেসার্স বিটকো অ্যাসোসিয়েটসের বিরুদ্ধে। গত ২০১৪ সালের ১৩ আগস্ট দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয় থেকে এ অভিযোগের অনুসন্ধান শুরু করা হয়। ওই সময় দুদকের সহকারী পরিচালক মো. খলিলুর রহমান এ অভিযোগ অনুসন্ধান করেছেন।