১৫ দেশের কারাগারে সাড়ে চার হাজার বাংলাদেশি: সংসদে মন্ত্রী

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৫, ১৯:১৪
বিশ্বের ১৫টি দেশের কারাগারে ৪ হাজার ৫৭৭ জন বাংলাদেশি আটক রয়েছেন। হত্যা, ধর্ষণ, চুরি, ডাকাতি, মারামারি, ছিনতাই, মাদক  দ্রব্যের ব্যবসা, অপহরণ, ওয়ার্ক পারমিট না থাকা, ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হওয়ার পরেও অবস্থান করা, ওয়ার্ক পারমিটের অবৈধ ব্যবহার ও অবৈধ অনুপ্রবেশসহ নানা অপরাধে তাদের আটক করা হয়েছে।
মঙ্গলবার জাতীয় সংসদে নিজাম উদ্দিন হাজারীর টেবিলে উত্থাপিত এক প্রশ্নের জবাবে এই তথ্য জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
মন্ত্রীর দেয়া তথ্যানুযায়ী, আটকৃতদের মধ্যে মালয়েশিয়ায় ২ হাজার ১৩১, সৌদি আরবে ৪৬৭, সংযুক্ত আরব আমিরাতে ১ হাজার ৫২, কুয়েতে ৭৫, বাহরাইনে ১৩, ইরাকে ১২০, দক্ষিণ কোরিয়ায় ৫, তুরস্কে ১৪, লেবাননে ১০৪, জাপানে ১৩, মালদ্বীপে ৪০, ওমানে ৫০১, মিশরে ২০, ইরানে ১৭ ও বুলগেরিয়ায় ৬ জন রয়েছেন। তাদেরকে বাংলাদেশি দূতাবাস-হাইকমিশনের মাধ্যমে মুক্ত করতে আইনি সহায়তা দিয়ে দেশে ফেরত আনার ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান প্রবাসী কল্যাণ মন্ত্রী।