মিরপুরে ‘গণপিটুনিতে’ নিহতদের মধ্যে দুইজন পরিবহন শ্রমিক

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৫, ১৯:১৭
 
 
রাজধানীর মিরপুরে ‘গণপিটুনিতে’ নিহত তিন যুবকের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— পরিবহন শ্রমিক সুমন রবি দাস (১৭) ও রবিন (২০)। তারা দু’জনই ঘনিষ্ঠ বন্ধু ।
 
মঙ্গলবার সকালে নিহতদের স্বজনরা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে লাশ শনাক্ত করেন। অন্য জনের পরিচয় এখনও পাওয়া যায়নি।
 
নিহত সুমনের বাবা জনি দাস জানান, তার বাসা মিরপুর-১১ নম্বরের সি ব্লকের কালসি কবরস্থান বস্তিতে। সুমন গাবতলি-উত্তরা রুটের কোস্টার গাড়ির চালকের সহকারী হিসেবে কাজ করতেন। তিনি আরও জানান, রবিবার রাত থেকেই সুমন নিখোঁজ ছিল। সোমবার বিকেল তিনটার দিকে থানায় গেলে পুলিশ জানায় ঢামেক হাসপাতালে চারজনের লাশ আছে। মঙ্গলবার সকালে এসে সুমনের লাশ মর্গে পাই।
 

এদিকে সুমনের লাশ শনাক্ত করার পর রবিনের লাশ দেখে তার পরিবারকেও খবর দেয় জনি দাস। খবর পেয়ে ঢামেক হাসপাতালে ছুটে আসেন রবিনের দাদী  হালিমা খাতুন ও চাচা সুজন। পরে তারা রবিনের লাশ শনাক্ত করেন। রবিনের দাদী জানান, তার নাতী টেম্পুর হেলপার। জন্মের পরই তার মা মারা যায়। এরপর থেকে রবিন দাদীর সঙ্গে মিরপুর ১১ এলাকায় ভাড়া থাকতেন। তাদের গ্রামের বাড়ি পাবনার চাটমোহর উপজেলার বাহাদুরপুর গ্রামে। গত সোমবার ভোররাতে ‘গণপিটুনিতে’ তিন যুবকের মৃত্যু হয় বলে পুলিশ দাবি করে।