বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মা মিংকিয়াং মঙ্গলবার জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। এসময় তারা বাংলাদেশের বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়নের বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন। এছাড়া তারা দু’দশের সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দু’দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক বৃদ্ধি, খাদ্যদ্রব্য প্রক্রিয়াজাতকরণকে আরো উন্নত করে এ শিল্পকে এগিয়ে নিতে, শহর ও গ্রামের মধ্যে ব্যবধান কমিয়ে দেশের সামগ্রিক উন্নয়নে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন অবকাঠামো উন্ন এবং শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ ও শিক্ষার উপকরণ সরবরাহে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে রাষ্ট্রদূতকে জানান স্পিকার। জবাবে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে চীনের সহযোগিতা অব্যাহত রাখারা আশ্বাস দেন রাষ্ট্রদূত।
