ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় পরিত্যক্ত অবস্থায় চারটি তাজা ককটেল ও ব্লাড ব্যাগভর্তি পেট্রোল উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে মহাসড়কের চান্দিনা ও দেবিদ্বার উপজেলার সীমান্তবর্তী সুরপুর বাস স্টেশন সংলগ্ন এলাকা থেকে সেগুলো উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী যুবক রাসেল জানান, মঙ্গলবার বিকেলে স্থানীয় শিশু-কিশোররা খেলাধুলা করার সময় রেক্সিনের ব্যাগে মোড়ানো বস্তু দেখে কৌতুহল বসত ওই ব্যাগটি খুলে বোমা সদৃশ্য দেখে আশপাশের লোকজনকে ডেকে আনে। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে চান্দিনা থানা পুলিশ ঘটনা স্থলে পৌঁছে বোমার অস্তিত্ব পায়। চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোর্শেদ জানান, ওই ব্যাগে চারটি ককটেল, দুইটি ব্লাড বেগ ভর্তি পেট্রোল পাওয়া যায়। তবে ঘটনাস্থলটি মূলত দেবিদ্বার থানা সীমানা হওয়ায় আমরা বিষয়টি দেবিদ্বার থানাকে অবহিত করেছি।
এ ব্যাপারে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, ঘটনাস্থলটি আমাদের থানা কমপ্লেক্সে থেকে অনেক দূরে। তবে আমাদের ফোর্স ঘটনাস্থলে রওনা হয়েছে। এছাড়া আমরা কুমিল্লা জেলা বোমা বিশেষজ্ঞ টিমকে খবর দিয়েছি তারা আসছে।
