বিএনপি-জামায়াত ও মান্নারা একই সূত্রে গাঁথা: মায়া

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৫, ২১:২০
 
 
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘বিএনপি-জামায়াত ও মাহমুদুর রহমান মান্না- কামাল হোসেনরা একই সূত্রে গাঁথা। তারা উভয়ই লাশ ফেলার রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।’
 
মঙ্গলবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু স্টেডিয়ামের ১ নম্বর গেটের সামনে সম্মিলিত আওয়ামী সমর্থক জোট আয়োজিত হরতাল-অবরোধ বিরোধী এক মানবন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। ত্রাণমন্ত্রী বলেন, ‘বিএনপি-জামায়াত ও মান্নারা দেশ ও গণতন্ত্রের শত্রু। তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাদের আর ছাড় দেয়া হবে না। গ্রেফতার করে অবিলম্বে এই ষড়যন্ত্রকারীদের আইনের হাতে সোপর্দ করা হবে।’
 
তিনি বলেন, ‘বিএনপি নেত্রী খালেদা জিয়া ক্ষমতায় এলে ঘরে ঘরে বোমা তৈরির কারখানা হবে। বাংলাদেশে জঙ্গিবাদের রাজত্ব কায়েম হবে। বাংলাদেশে পাকিস্তানের পতাকা উড়বে। তাই দেশের মানুষ আজ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। বাংলার মাটিতে তাদের আর ঠাঁই হবে না।’
 

আয়োজক সংগঠনের সভাপতি আব্দুল হক সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সেলিম এমপি, দপ্তর সম্পাদক সহিদুল ইসলাম মিলন প্রমুখ।