সংলাপের কথা বলে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে নাগরিক সমাজ :হাছান মাহমুদ

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৫, ১৯:৫৬
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, মাহমুদুর রহমান মান্না ও সাদেক হোসেন খোকার সম্প্রতি ফাঁস হওয়া কথোপকথনই প্রমাণ করে নাগরিক সমাজ সংলাপের নাম করে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা লাশের ওপর পা রেখে ক্ষমতায় যেতে চায়। অগণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার এ ষড়যন্ত্রে লিপ্তে থাকা সকলকে দ্রুত গ্রেফতার করতে হবে।
মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে পুড়িয়ে মানুষ হত্যার প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এ কথা বলেন। হাছান মাহমুদ বলেন, শুধু মান্না সাহেবের ফোনলাপ নয় অনেক সাহেবেরই ফোনলাপ প্রকাশ পেলে জানা যাবে তারা সবাই সংলাপের নামে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
খাদ্যমন্ত্রী ও ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বলেন, ১৯৭৫ সালে জিয়াউর রহমানের সেনাবাহিনী এবং ২০১৫ সালের সেনা বাহিনীর চরিত্র এক নয়। বর্তমান সেনাবাহিনী সন্ত্রাসীদের সঙ্গে ঐক্য হয়ে ক্ষমতায় আসতে চায় না। কোন রাষ্ট্রদ্রোহী-সন্ত্রাসীদের তারা প্রশ্রয় দেবেন না। লাশের রাজনীতির মাধ্যমে অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র দেশে আর কখনো সফল হবে না।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক বলরাম পোদ্দার, হেদায়াতুল ইসলাম স্বপন প্রমুখ।