গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় দায়িত্বশীল আচরণ প্রত্যাশা সম্পাদক পরিষদের

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৫, ২১:৪৭


ডেইলি স্টার পত্রিকায় প্রকাশিত একটি ছবি  ছাপানোকে কেন্দ্র করে সংসদে দেওয়া প্রতিক্রিয়া প্রচার মাধ্যমের প্রতি বৈরি মনোভাবেরই প্রকাশ করেছে। যা কোন সরকারের কাছ থেকে কাম্য নয়। মঙ্গলবার সংবাদপত্র পরিষদের এক সভা শেষে একথা জানানো হয়।
সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মাহফুজ আনাম স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবাদপত্র পরিষদ গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, সাম্প্রতিক সময়ে সংবাদপত্র ও জাতীয় প্রচার মাধ্যমের পক্ষে স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করা কঠিন হয়ে পড়ছে। একদিকে রাজনৈতিক কর্মসূচির নামে দায়িত্বরত সাংবাদিকদের ওপর হামলা ও সহিংসতার ঘটনা ঘটছে অন্যদিকে সংবাদপত্র ও প্রচার মাধ্যমের স্বধীনতা খর্ব করার চেষ্টা চলছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রচার মাধ্যমসহ অন্যান্য পক্ষকে বিরুদ্ধ শক্তি হিসেবে দাঁড় করিয়ে অযথা হয়রানি করাটা স্বাধীন গণমাধ্যমের সহায়ক হতে পারে না।
সংবাদ বিজ্ঞপ্তিতে সংবাদপত্রসহ সকল প্রচার মাধ্যমের স্বাধীনতা ও দলনিরপেক্ষতা সংরক্ষণে সরকারের পক্ষ থেকে অধিকতর দায়িত্বশীল ও সহযোগিতামূলক আচরণ প্রত্যাশা করা হয়।