ফেনীতে এক যুবদল নেতার বাড়িতে হামলার ঘটনায় তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। অন্যদিকে রাজশাহীর বাঘায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতরভাবে আহত হয়েছেন শহীদ উদ্দিন নামে এক যুবলীগ নেতা।
আমাদের পরশুরাম সংবাদদাতা জানান, গতকাল মঙ্গলবার বিকালে সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের মধুয়াই গ্রামে স্থানীয় যুবদল নেতা বাহার উদ্দিনের বাড়িতে হামলার ঘটনায় আহত হয়েছেন সাতজন। এর মধ্যে অন্তত তিনজন গুলিবিদ্ধ হয়েছেন।। স্থানীয় বিএনপি ও যুবদল হামলার জন্য যুবলীগ ও ছাত্রলীগ কর্মীদের দায়ী করেছে। অন্যদিকে যুবলীগ ও ছাত্রলীগ দাবি করেছে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে।
হামলায় বাহার উদ্দিন নিজে এবং তার পিতা মোঃ শাহজাহান, চাচাতো ভাই সাইফুল ইসলাম গুলিবিদ্ধ হয়েছেন। তবে আহত অপর চারজনের নাম জানা যায়নি। এদের মধ্যে বাহার উদ্দিনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং শাহজাহান ও সাইফুল ইসলামকে ফেনী জেলা সদর হাসপাতালে ভর্তির পর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত মো:শাহজাহান অভিযোগ করেন, ২০ থেকে ২৫ জন মুখোশ পরিহিত সন্ত্রাসী তাদের বাড়িতে হামলা চালায়। ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহবুব মোরশেদ বলেন, বালিগাঁও ইউনিয়নের মধুয়াই গ্রামে কারা এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
রাজশাহী অফিস জানায়, রাজশাহীর বাঘায় দুর্বৃত্তদের গুলিতে শহীদ উদ্দিন নামে যুবলীগের এক নেতা গুরুতরভাবে আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার উপজেলার মণিগ্রাম দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তিনি নারায়ণপুর এলাকার মক্কেল আলীর ছেলে। বাঘা থানার ওসি জানান, শহীদ উদ্দিন মোটরসাইকেল নিয়ে মণিগ্রামে যাচ্ছিলেন। পথে কে বা কারা পেছন থেকে তাকে গুলি করে। ওই সময় তিনি মোটরসাইকেল থেকে পড়ে যান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।
