বিড়ালের জন্য লড়াই

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৫, ০১:০১

জাপানের দক্ষিণাঞ্চলীয় শহর কিতায়ুশুর বাসিন্দা মাসাহিকো সুগা তার পোষা নয়টি বিড়ালকে প্রামে চড়িয়ে সারা শহর ঘুরে বেড়ান। তার উদ্দেশ্য, তাকে দেখে মানুষ যেন পোষা কুকুরের মতো পোষা বিড়াল নিয়েও বাইরে হাঁটতে উত্সাহী হয়।

৫৩ বছর বয়সী সুগার আশা, একসময় পোষা কুকুরের মত সমাজে পোষা বিড়ালও সমান মর্যাদা পাবে।  জাপানের আসাহি শিম-বুন পত্রিকাকে তিনি বলেন, আমি চাই মানুষ যেন আমাকে দেখে শিখতে পারে কিভাবে পোষা বিড়ালদের সাথে ঘনিষ্ঠ হতে হয়। অবসরপ্রাপ্ত এই ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ার বলেন, বিড়ালকে বাইরে ঘুরতে নেয়ার কিছু সুবিধাও আছে। ঘরে বসে আসবাব আঁচড়ে নষ্ট কম করবে তারা। বিড়ালপ্রেমী বলে নিজ শহরে সুগাকে সবাই চেনে। তিনি শুধু তার বিড়ালদের নিজের শহরেই  বেড়ান না। তার ক্যাম্পার ভ্যানে করে তাদের তিনি রাজধানী টোকিওতে নিয়ে গেছেন। পোষা পশু-পাখি খুবই পছন্দ করে জাপানীরা। জাপানের বিভিন্ন শহরে বিড়াল-কুকুরদের জন্য ক্যাফে পর্যন্ত রয়েছে। তবে ২০০৯ সালের এক পরিসংখ্যানে দেখা গেছে, বিড়ালদের চেয়ে পোষা কুকুরের জনপ্রিয়তা জাপানে অনেক বেশি।