যশোরে গভীর রাতে ‘গণপিটুনিতে’ যুবক নিহত

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৫, ১০:২৬


যশোরে গভীর রাতে ‘গণপিটুনিতে’ ডলার হোসেন (৩০) নামে একজন নিহত হয়েছে বলে দাবি করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে শহরের বেজপাড়া আনসার ক্যাম্পের নির্জন এলাকায় এ ‘গণপিটুনির’ ঘটনা ঘটে। নিহত ডলার শহরের আশ্রম রোড এলাকার মৃত মোসলেম উদ্দীনের ছেলে।
যশোর কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) শেখ গনি মিয়া ইত্তেফাককে জানান, রাত আড়াইটার দিকে ডাকাতির প্রস্তুতিকালে জনতা ডলারকে ধরে গণপিটুনি দেয়। পুলিশ গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রাত আড়াইটায় জনগণ কিভাবে সংঘবদ্ধ হয়ে গণপিটুনির ঘটনা ঘটালো জানতে চাইলে ওসি জানান, ঐ এলাকায় জনগণ আইনশৃঙ্খলা রক্ষার জন্য রাতে দলবদ্ধভাবে পাহারা দেয়। তারাই ডলারকে ধরে গণপিটুনি দেয়।
তিনি আরো জানান, নিহত ডলারের বিরুদ্ধে কোতোয়ালী থানায় একটি হত্যা, ৩টি বিস্ফোরক ও অস্ত্রসহ সন্ত্রাসী কর্মকাণ্ডে ৭টি মামলা রয়েছে।