জয়পুরহাটে চালবোঝাই ট্রাক থেকে ৭৪০ বোতল ফেন্সিডিলসহ ঐ ট্রাকের চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত দু’জন হচ্ছে বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার বিজল গ্রামের ট্রাক চালক জুয়েল হোসেন ও হেলপার আবু হানিফ।
সূত্রটি জানায়, দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার হিলি স্থল বন্দর থেকে চট্টগ্রাম গামী চালভর্তি একটি ট্রাকে বিপুল পরিমান আমদানি নিষিদ্ধ ফেন্সিডিল বহন করা হচ্ছে। গোপন সংবাদে এমন খবর পেয়ে জয়পুরহাট থানা পুলিশের একটি দল গতকাল মঙ্গলবার সন্ধায় জয়পুরহাট-বগুড়া সড়কের বানিয়াপাড়া মোড়ে ট্রাকটি থামিয়ে তল্লাশী চালায়। এ সময় চালের বস্তার ভিতরে অভিনব কায়দায় বহন করা ৭শ ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ।
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ বলেন, এ ব্যাপারে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের সহ গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
