যশোর কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হককে ক্লোজড করা হয়েছে। বুধবার প্রকাশ্যে ইছালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মোশারফ হোসেন হত্যার ঘটনাকে কেন্দ্র করে ঐ সন্ধ্যায় তাকে ক্লোজ করা হয়েছে বলে পুলিশের একটি সূত্রে জানা গেছে।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শেখ গনি মিয়া ইত্তেফাককে ক্লোজ হবার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কী কারণে তাকে ক্লোজ করা হয়েছে তা তিনি জানেন না বলে জানান।
এ ব্যাপারে পুলিশের মুখপাত্র এএসপি রেশমা শারমীনের কাছে জানতে চাইলে তিনি ঢাকায় যাচ্ছেন এবং কিছু জানেন না বলে জানান।
মোবাইলে কল করে পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), এএসপি (এ সার্কেল)-এর অফিসিয়াল ফোন বন্ধ পাওয়া যায়।
অফিসে ফোন করা হলে অফিস পিয়ন পরিচয়দানকারী হাফিজুর রহমান জানান, ‘এসপি স্যার পরীক্ষা নিতে গেছেন।’ কোথায় পরীক্ষা, কখন আসবেন তার কিছুই তিনি জানেন না।
