দক্ষিণ কোরিয়ায় বন্দুকধারীর গুলিতে নিহত ৩

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৫, ১২:১২
 
দক্ষিণ কোরিয়ায় একটি দোকানে বন্দুকধারীর হামলায় তিনজন নিহত হয়েছে। বুধবার সিউল থেকে ১২০ কিলোমিটার দূরে দক্ষিণাঞ্চলীয় নগরী সেজংয়ে এই ঘটনা ঘটে।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পর ঐ দোকানটিতে আগুন দেয়া হয়। হামলাকারীর সাবেক প্রেমিকার পরিবারের ওপর প্রতিশোধমূলকভাবে এই হামলাটি চালানো হয়।
বার্তা সংস্থা ইয়োনহাপ জানায়, সন্দেহভাজন হামলাকারীর মৃতদেহ পার্শ্ববর্তী একটি নদীর তীরে পাওয়া গেছে। সে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
৫০ বছর বয়সী ওই সন্দেহভাজন ব্যক্তি একটি শটগান দিয়ে দোকানে হামলা চালায়। তার সাবেক প্রেমিকা দোকানটি চালাতো। হামলাকারীর সাবেক প্রেমিকার বর্তমান প্রেমিক, বাবা ও ভাইকে গুলি করা হয়েছে। হাসপাতালে পাঠানোর পর কর্তব্যরত চিকিত্সকরা তাদের মৃত ঘোষণা করেন।
ঐ নারী এখনো নিখোঁজ রয়েছেন। হামলাকারী আত্মহত্যার আগে তাকে জোর করে ধরে নিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।