নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে ১০ দিনের রিমান্ড দিয়েছে আদালত। বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম মাহবুবুর রহমান শুনানি শেষে এই আদেশ দেন।
এর আগে মান্নাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। অন্যদিকে, জামিন আবেদন করেন মান্নার আইনজীবীরা। শুনানি শেষে জামিন আবেদন নাকোচ করে দিয়ে তাকে রিমান্ডে পাঠায় আদালত।
গুলশান থানায় দায়ের করা সশস্ত্র বাহিনীকে বিদ্রোহে উসকানি দেয়ার মামলায় মান্নাকে গ্রেফতার দেখানো হয়েছে। এই মামলায় আরেক ব্যক্তিকেও আসামি করা হয়েছে।
বনানীর একটি বাসা থেকে গোয়েন্দা পরিচয়ে মান্নাকে নিয়ে যাওয়ার পর মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাকে গুলশান থানা-পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব।র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান এই তথ্য নিশ্চিত করেন।
