সিরিয়ার উত্তরপূর্বাঞ্চলের অ্যাসিরীয় খ্রিস্টান গ্রাম থেকে অন্তত ১৫০ জনকে অপহরণ করেছে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা। সিরীয় খ্রিস্টান গোষ্ঠীগুলো মঙ্গলবার এই তথ্য জানিয়েছে। খবর:রয়টার্সের।
সিরিয়ার ভিতরে ও বাইরে কাজ করা বেশ কয়েকটি সিরীয় খ্রিস্টান এনজিও’র প্রতিনিধিত্বকারী গোষ্ঠী ‘সিরিয়াক ন্যাশনাল কাউন্সিল ফর সিরিয়া’ জানিয়েছে, যাচাই করে দেখা গেছে গ্রামটির অন্ততপক্ষে ১৫০ জন নিখোঁজ রয়েছেন, এদের মধ্যে এদের মধ্যে নারী ও বয়স্ক ব্যক্তিরা রয়েছেন।
জঙ্গিরা এদের অপহরণ করেছে বলে জানিয়েছে গোষ্ঠীটি।
এর আগে যুক্তরাজ্যভিত্তিক ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ জানিয়েছিল, হাসাকার প্রত্যন্ত গ্রামগুলোকে হামলা চালিয়ে প্রাচীন সংখ্যালঘু খ্রিস্টান গ্রাম থেকে ৯০ জনকে ধরে নিয়ে গেছে আইএস জঙ্গিরা।
আইএস এখনো এই অপহরণের বিষয়টি নিশ্চিত করেনি। তবে আইএস জঙ্গিদের কয়েকটি ছবি অনলাইনে প্রকাশ করেছে গোষ্ঠীটির সমর্থকেরা। এসব ছবিতে ক্যামোফ্লেজ নেয়া আইএস যোদ্ধাদের মানচিত্রের উপর ঝুঁকে থাকতে ও মেশিনগান দিয়ে গুলি করতে দেখা গেছে।
