পদ্মায় লঞ্চডুবি: আরো ৭ লাশ উদ্ধার

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৫, ১৬:৩৪
 
মানিকগঞ্জের পাটুরিয়ায় পদ্মা নদীতে লঞ্চডুবির ঘটনায় আরো সাতজনের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার জেলার হরিরামপুর উপজেলার বাল্লা ও আন্ধারমানিক এলাকা থেকে ছয়টি এবং শিবালয় উপজেলার মালচি এলাকা থেকে একটি লাশ উদ্ধার করেছেন পাটুরিয়া নৌপুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা। এ নিয়ে লঞ্চডুবির ঘটনায় ৭৮টি লাশ উদ্ধার করা হলো।
উদ্ধার হওয়া লাশের মধ্যে চারজন পুরুষ, দুই শিশু ও এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে শিবালয় উপজেলার আবুল হাসেম নামের এক ব্যক্তির পরিচয় জানা গেছে।
পাটুরিয়া নৌপুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) শফিকুল ইসলাম বলেন, লাশগুলোর পরিচয় জানার চেষ্টা চলছে।
উল্লেখ্য গত রোববার পাটুরিয়া ঘাট থেকে এমভি মোস্তা নামের লঞ্চটি বেলা সাড়ে ১১টার দিকে দৌলতদিয়া ঘাটের উদ্দেশে ছেড়ে যায়। ১৫ মিনিট পরই কার্গো জাহাজ নার্গিস-১-এর ধাক্কায় এটি ডুবে যায়। ঐ সময় লঞ্চটিতে দুই শতাধিক যাত্রী ছিল।