মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলার বালুয়াকান্দিতে বুধবার ভোরে বাস ও এ্যাম্বুলেন্সের সংঘর্ষে হেলপার মামুন মিয়া (২৩) নিহত ও ৩ জন আহত হয়েছে। হতাহতরা সকলেই এ্যাম্বুলেন্সের যাত্রী। এ্যাম্বুলেন্সের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। পরে এ্যাম্বুলেন্সে রোগীসহ অন্য আহতদের আরেকটি যানে করে ঢাকায় পাঠানো হয়েছে।
গজারিয়ার ভবেরচর হাইওয়ে ফাঁড়ির সার্জেন্ট সাইফুল ইসলাম জানান, ঢাকাগামী এম আর এ্যাম্বুলেন্স সার্ভিসের এ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উক্ত স্থানে দাঁড়িয়ে থাকা একটি বাসের সাথে সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই মারা যায় এ্যাম্বুলেন্স চালকের সহকারী। এ্যাম্বুলেন্স চালক পালিয়ে গেছে। তবে বাসের কোন ক্ষতি হয়নি। প্রাইভেট এ্যাম্বুলেন্সটি নোয়াখালী হাসপাতাল থেকে রোগী ও রোগীর স্বজনদের নিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে যাচ্ছিল। লাশ ফাঁড়িতে রাখ হয়েছে।
তিনি আহতদের বরাত দিয়ে জানান, এ্যাম্বুলেন্সের চালক এই সময় ঘুমের চাপে ঝিমুচ্ছিলেন।
